‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
বৈঠকে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি। এ সময় নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
সাক্ষাতের বিষয়ে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর ‘নির্বাচনী তদন্ত কমিটি’ নিয়োজিত করার অনুরোধ করতে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা এক সঙ্গে কাজ করেছি। সে জন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’
নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগে সহযোগিতা চেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি তদন্ত কমিটি) ডিপ্লয় (নিয়োজিত) করবেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন, সে বিষয়ে উনাকে অনুরোধ জানানো হয়েছে।
প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন, এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস্ত করেছেন।’
অন্য এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।’


