প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের শেষ প্রান্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাবি উপাচার্য।
সাক্ষাৎকালে ঢাবি উপাচার্য গত দেড় বছরের দায়িত্ব পালনকালে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । এ সময় তিনি শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
ঢাবি উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প গ্রহণে আন্তরিক সহযোগিতা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং এর শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সব ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি পোট্রেট প্রধান উপদেষ্টাকে উপহার দেন।


