মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানায়, বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে ডিগ্রির সনদ গ্রহণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সকালে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে স্বাগত জানান। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।


