ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সন্ধ্যায় এই দলগুলোর নাম ও সংলাপের সময় জানিয়েছে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা।
সে অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে। দুই ধাপে ছয়টি করে মোট ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হবে। সংলাপে সবশেষ ডাকা হবে বিএনপি ও জামায়াত ইসলামীকে।
সকালে ইসির সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো–লিবারেট ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিকালে সংলাপের ডাক পেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
এর আগে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করতে চায় ইসি। যেন সময়মতো নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।
দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা, এমন প্রশ্ন সেসময় এড়িয়ে যান আখতার আহমেদ।
তিনি বলেন, ‘কাদেরকে ডাকব এখনও ঠিক করিনি। আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কাদেরকে ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন।’


