পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের চক্রান্তের অভিযোগ শিশির চাকমার

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের চক্রান্তের অভিযোগ শিশির চাকমার
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি। রোববার সকালে রাঙামাটি পৌরসভা মাঠে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল করার লক্ষ্যে নানাভাবে এটিকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা।

রোববার সকালে রাঙামাটি পৌরসভা মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের কাশ্মীরের ধারা বাতিলের উদাহরণ টেনে দেশেও পার্বত্য চুক্তি বাতিলের চক্রান্ত করা হচ্ছে। বর্তমান সরকার ভুল পথে চলায় এর খেসারত দিতে হচ্ছে। এই চুক্তি বাতিল হলে এর চেয়েও শক্তিশালী চুক্তি করে সরকারকে তার মাশুল দিতে হবে উল্লেখ করে তিনি চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

‘আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ করা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা, সদস্য ফদাংতাং রান্দাল, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি থোয়াই অং মারমা, আইনজীবী জুয়েল দেওয়ান, গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তী চাকমা ইনু ও দীপন চাকমা।

আরও পড়ুন

সভায় অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ে বসবাসরত আদিবাসীরা বর্তমানে নিরাপদে নেই। বহিরাগত বাঙালিদের অধিকার দেওয়ার অজুহাতে পার্বত্য চুক্তি পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, আদিবাসী পরিচয় বাদ দিয়ে সবাইকে বাঙালি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে, যা বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নই একমাত্র সমাধান।

আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চঞ্চু চাকমা। উদ্বোধন শেষে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন।

সভা শেষে পৌরসভা মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে নিজস্ব পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad