পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি বলেন, বর্তমান সরকার এখন প্রথাগত ত্রাণের পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবকদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী দীপেন দেওয়ানের অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডব্লিউএফপির একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তাবিষয়ক দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপির কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। এ ছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, সেখানে জরুরি বা আপদকালীন দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট। প্রতিনিধিদলে আরও ছিলেন ডব্লিউএফপির সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডব্লিউএফপি প্রতিনিধিদল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস দেন।


