ফেনীর দাগনভূঞায় মোমারিজপুর ও কৃষ্ণরামপুর সংযোগস্থলের বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক হাজার বাসিন্দা, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ী দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, ফাজিলেরঘাট বাজারসংলগ্ন দাগনভূঞা-সোনাগাজী সড়কের পুরোনো বেইলি ব্রিজটি সরিয়ে মোমারিজপুর (পূর্ব) ও কৃষ্ণরামপুর (পশ্চিম) এলাকার যোগাযোগের জন্য স্থাপন করা হয়। দাগনভূঞা, সোনাগাজী ও ফেনী সদরে যাতায়াতে সেতুটি গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর লোহার পাতে মরিচা ধরেছে। বিভিন্ন স্থানে পাটাতনও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঝুঁকি আরও বেড়েছে। কিছুদিন আগে সাময়িক মেরামত করা হলেও বর্তমানে মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়েও পার হওয়া যাচ্ছে না।
সেতু বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। ফাজিলেরঘাট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফুল বলে, ‘ব্রিজ পার হয়েই স্কুলে যেতে হয়। এখন হেঁটে পার হতেও ভয় লাগে।’
যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। জেলে পাড়ার মাছ বিক্রেতা শ্যামল দত্ত বলেন, ‘ভ্যান নিয়ে ব্রিজের ওপারে গিয়ে মাছ বিক্রি করতে পারছি না। বেচাকেনা অনেক কমে গেছে।’
সিএনজি চালক সিরাজ বলেন, ‘আগে ফাজিলেরঘাট হয়ে সরাসরি ফেনী ও দাগনভূঞায় যাওয়া যেত। এখন মাতুভূঞা কিংবা বেকেরবাজার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি লাগছে।’
স্থানীয় খুচরা ব্যবসায়ী মো. রুবেল ও তরুণ উদ্যোক্তা রেজাউল হাসান বলেন, পাটাতন নষ্ট হওয়ায় পণ্য ও কৃষিপণ্যবাহী গাড়ি এপারে আসতে পারছে না। বিকল্প পথে মালামাল আনতে অতিরিক্ত পরিবহন খরচ হচ্ছে। এতে ব্যবসার খরচ বেড়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম বলেন, ‘ব্রিজটির পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’


