জয়ের জন্য লক্ষ্য ছিল ৮৭ রান। অধিনায়ক সাদিয়া ইসলামের ৩৫ ও জান্নাত ইমান্তার ৩০* রানের দারুণ দুটো ইনিংসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
রোববার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার হাতে রেখেই ৭ উইকেটের এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
হার দিয়ে সিরিজ শুরু করলেও শুক্রবার দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে অবশ্য প্রথম দুই ওপেনার ফেরেন দলীয় ৮ রানের মধ্যেই।
সেই চাপ বাংলাদেশ সামলে ওঠে অধিনায়ক সাদিয়ার সঙ্গে জান্নাতের ৪৫ রানের জুটিতে। দলীয় ৫৩ রানে সাদিয়া ফিরলেও এর আগে ম্যাচ এনে দিয়েছেন হাতের মুঠোয়। ২৮ বলে তিনটি করে ছক্কা ও চারে ৩৫ রান করেন এই ডানহাতি ব্যাটার।
অধিনায়কের বিদায়ের পর হাল ধরেছেন জান্নাত। তিনটি চার ও একটি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ম্যাচ। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মাহনূর জেব ও রোজিনা আকরাম।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার রাভাইল ফারহানের উইকেট হারায় পাকিস্তান। এরপর হাবিবা ইসলাম পিংকি, অতশী মজুমদারদের দারুণ বোলিংয়ে ৫০ রানের আগেই আরো পাঁচ উইকেট পড়ে পাকিস্তানের।
সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক ইমান নাসের। দুটি করে উইকেট নেন পিংকি ও অতশী। একটি করে উইকেট পেয়েছেন ফারজানা মেধা ও জারিন তাসনিম।


