রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে পল্লবী থানাধীন সেকশন এগারোর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর নাম লামিসা (৭)। সে আব্দুল হান্নান মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা নাম্বারে ফোন করা হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে যান।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘সকালে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে সোহেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত সোহেল মৃত শিশুটির পাশের ফ্ল্যাটে থাকতেন। তিনি বর্তমানে পলাতক আছেন।


