ঢাকায় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ফেদেরিকো জাম্পারেল্লি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান ইতালীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম আরও সম্প্রসারণের ব্যাপারে মতবিনিময় করেন তারা।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালানোর ওপর তারা গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালীয় ভাষা পাঠদানের জন্য ইতালি থেকে শিক্ষক আনার পাশাপাশি স্থানীয় শিক্ষক নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার এবং এখানে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে ইতালির কূটনীতিকের আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য নিয়াজ আহমদ খান তাকে ধন্যবাদ জানান।


