ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর কেবল ৪ ঘণ্টা আগে তিশা ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে সময় মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

