পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পেলেই আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ‘আমাদের দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। পরিবেশ ছাড়পত্র পাওয়ার পর আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই।’
মঙ্গলবার সাভারে ডিএনসিসির আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক আরও বলেন, ‘চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।’
তিনি জানান, ল্যান্ডফিল এলাকায় মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার কারণে মাঝে মাঝেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে এবং ডিএনসিসি বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিএনসিসির ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। তবে এখনো ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রয়েছে।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।


