চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে আনা ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুক্রবার ভোরে চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
এ সময় জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা পাম অয়েল ঘাটে তোলার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


