‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে নোয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘বিশ্বব্যাপী মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান’।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং মেডিকেল অফিসার জান্নাতুল নাইম কেয়া। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা নোয়াখালী জেলায় সরকারি বা বেসরকারি কোনো মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তারা জেলার বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের একটি আধুনিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়। এতে জানানো হয়, এ সময়ে জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ৬৮৮টি বিশেষ অভিযান চালিয়ে ৩৫৪ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।
উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, জেলায় মাদক নির্মূল ও অবৈধ পাচার প্রতিরোধে অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।


