চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত বাঁশি মোহন দাশ (৫০) লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের মধ্যে ৬ জনকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সড়কের পাশে খড়ে আগুন দেওয়ার ফলে ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এতে ঈগল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারে ধাক্কা দিলে সেটিও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।


