পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আসিফ (১১) ও সাথী আক্তার (৯) ওই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘দুই শিশু তাদের মা আসিয়া বেগমের সঙ্গে বসবাস করতো। তাদের মা দিনমজুর। রোববার সকালে তিনি সন্তনদের বাড়িতে রেখে কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুশি শুরু করেন।’
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতে বাড়ির পাশে পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখেন। তারা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালিয়ে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হতে পারে।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


