পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা রোডের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হকের বাড়ি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
ট্রাকটিকে আটক করা এবং ঘটনা পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


