পঞ্চগড়ে কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ বন্দী

পঞ্চগড়ে কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ বন্দী
পঞ্চগড় জেলা কারাগার | ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এদের মধ্যে ১২ জন কয়েদি এবং ছয়জন হাজতি রয়েছেন। ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়, বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। ভোটারদের সবাই পুরুষ, নারী ভোটার নেই।

সোমবার পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। বর্তমানে কারাগারে মোট ৩৫৬ জন কারাবন্দী রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে আটজন নারী কারাবন্দী ও ছয়জন বিদেশি নাগরিক আছেন। এ ছাড়া, জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে এবার ১৮ জন কারাবন্দী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোট নেওয়ার জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। একইভাবে কারাগারের কর্মকর্তা-কর্মচারীরাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে নিয়োজিত আছি। এবার চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারব। বিষয়টি ভেবে আমি খুবই খুশি।’

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড়ে মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

কারাগারের ভেতরে গোপন বুথ স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad