চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মাথায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সিটিএসবিতে বদলি করা হয়। একই আদেশে আকবরশাহ ও চকবাজার থানাতেও ওসি পদে রদবদল আনা হয়েছে।
বুধবার বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এই রদবদল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। আর খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিএমপির সিটিএসবিতে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মো. আবদুর রহিম গত ২৭ আগস্ট খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার এক মাস ১০ দিনের মাথায় তাকে বদলি করা হলো।
এদিন দুপুরে এক বক্তব্যে মেয়র শাহাদাত খুলশী থানার ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আবদুর রহিম বাকলিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। ওই সময় দায়িত্ব পালন করা একজন ওসি কীভাবে এখন খুলশী থানায় দায়িত্ব পান, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মেয়রের অভিযোগ, খুলশী থানায় যোগ দেওয়ার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কোনো নেতাকে গ্রেপ্তার করা হয়নি। ওয়াকিল হোসেন ওরফে বগার ভাইয়েরা ওসির বিরুদ্ধে অভিযোগ করার পর পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
সম্প্রতি খুলশীতে হৃদয় নামের এক কিশোর হত্যার ঘটনায় পুলিশ ওয়াকিল হোসেন ও তার ভাইদের জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মেয়র।
তিনি বলেন, ‘হৃদয়ের হত্যাকারী কামরুলকে ওসি ও তার উপপরিদর্শক (এসআই) মিলে মারধর করে জোরপূর্বক ওয়াকিল এবং তার ভাইয়ের নাম বলতে বাধ্য করেছে। এরপর তাঁদের নামে মামলা দেওয়া হয়েছে।’
মঙ্গলবার রাতে নগর ভবনের আশপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়াকিল হোসেন অবস্থান করছেন–এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


