ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ‘হামলার’ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা একথা বলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ হামলার ঘটনা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায় বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’
হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ বলেই মনে করছে এনসিপি। বিজ্ঞপ্তিতে তারা বলেছে, ‘এটি স্পষ্ট যে এই সরকার ও বিচার ব্যবস্থা হাদি হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। ‘
হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি আন্দোলনে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে এনসিপি।


