নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
নিহত ধন রঞ্জন দে (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে অটোরিকশাটি একলাশপুর এলাকায় সামনে হঠাৎ ব্রেক কষে দাঁড়ানো বাসের পেছনে ধাক্কা খায়। এসময় অটোরিকশার আরোহী ধন রঞ্জনসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ধন রঞ্জনকে মৃত ঘোষণা করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


