নোয়াখালীর কোম্পানীঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই ইউনিয়নের আবু সুফিয়ান সজিবের ছেলে ইব্রাহীম (৪) ও শরীফের ছেলে নাদিম হোসেন (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় দুই শিশু উঠানে খেলছিলো। খেলতে গিয়েই সবার অগোচরে দুজন পাশের পুকুরে পড়ে যায়। এক সময় তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুরে জাল ফেলা হলে শিশুদের সন্ধান পাওয়া যায়।
উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শিশুদের কোম্পানীঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন সাগর বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।’
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
শিশুদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।


