জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটসহ তিন দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটদলের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকার পল্টন মোড় থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে মৎস ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
পদযাত্রাকে সামনে রেখে বেলা সাড়ে ৯টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টনে জড়ো হয় দলের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে অংশ নেওয়া দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।


