পাবনার চাটমোহর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা উভয়ই মাঠে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন।
বুধবার উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশির বিল ও মূলগ্রাম ইউনিয়নের মহেশপুরে ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের মৃত আব্দুল ফারাজীর ছেলে তোরাপ ফারাজী (৫৫) ও মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে রব্বান আলী (৬০)।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক জানান, কৃষক তোরাপ ফারাজী ডিকশির বিলে কৃষিকাজ করছিলেন। বিকাল ৪টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা জানান, কৃষক রব্বান আলী বেলা ১১টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।


