বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে।
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে নতুন করে তীব্র হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে যে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে তার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান এ ধাতুর বাজারে।
রোববার পর্যন্ত ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। সোমবার এ দাম ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
সকাল সাড়ে ৯টায় এক জরুরি সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার নতুন এ দাম জানিয়েছে, যা ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬১ হাজার ৬৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।
এ ছাড়াও গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বেড়েছে। নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম কমানো বা বাড়ানো হয়।
এ বছর ২৯ জানুয়ারিতে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২২৩ টাকা বেড়েছিল। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।


