নোয়াখালীতে ডাকাত সর্দার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে ডাকাত সর্দার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
নোয়াখালীর যৌথ অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মো. রমিজ (৩০) ও তার পিতা মো. আমিনুল হককে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পুলিশ জানায়, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশের একটি যৌথ দল সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান চালায়। অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সময় তার পিতা মো. আমিনুল হককেও গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মো. রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি ওই এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার হিসেবে পরিচিত।

এছাড়া তার পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ আটটি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা গোলাগুলিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। গ্রেপ্তার মো. রমিজের বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad