নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীতে এক গৃহবধূকে হত্যার দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার বিকালে ও সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মিলন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

র‍্যাব-১১ জানায়, প্রায় ১৫ বছর আগে নিহত ওই গৃহবধূর সঙ্গে মো. মিলনের বিয়ে হয়। তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই মিলন দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় যেকোনো তুচ্ছ ঘটনায়ও প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও নির্যাতনের মাত্রা কমেনি।

আরও পড়ুন

গত ১২ মার্চ সকাল আনুমানিক ৬টার দিকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে পারিবারিক কলহের জেরে মিলন তার প্রথম স্ত্রীকে মারধর করেন এবং একপর্যায়ে লোহার রড দিয়ে বুকে ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় আবুসায়েদ বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মিলনসহ অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ছোট ভাই হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ এবং র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে আগ্রাবাদ এক্সেস রোড সংলগ্ন ছোটপুল এলাকা থেকে মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে। পরে হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে মামলার চার নম্বর আসামি সাহেদা আক্তার লাইজুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad