নেত্রকোনার মদনে ছেলের দায়ের কোপে আলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘ তিন থেকে চার বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই দিন ধরে তিনি ভাত খাননি। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে আলাই মিয়া ঘরে ফিরে চা তৈরি করছিলেন। এ সময় ঘুম থেকে উঠে ইয়াসিনকে কলা খেতে বলেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে একটি বটি দিয়ে আলাই মিয়ার ঘাড়ের পেছনে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


