বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় বন বিভাগের কার্যালয়সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন রাতে ওই এলাকায় ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় তিনি পাশাপাশি পড়ে থাকা দুটি প্লাস্টিকের পাত্র দেখতে পান। পাত্র দুটির ভেতরে নবজাতক দুটির মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নবজাতক দুটির পরিচয় শনাক্ত এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


