ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে নেত্রকোনার বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিশেষ করে জেলার সবচাইতে বড় হাট বারহাট্রার নৈহাটি বাজারে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আসছেন ক্রেতা-বিক্রেতারা।
দেশি গরুর পাশাপাশি উন্নত জাতের শাহীওয়াল, গীর, নেপালী এবং ফ্রিজিয়ানসহ বাহারি জাতের গরুও রয়েছে নেত্রকোনার হাটগুলোতে। জেলার ১০ উপজেলায় ১১৩টি স্থানে প্রায় প্রতিদিনই বসছে পশুর হাট, চলছে বেচাকেনা। এবারের হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি।
জেলার প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার জেলার ১০টি উপজেলায় প্রায় ১৩ হাজার খামার এবং কৃষকের হাতে কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ১ লাখ ২৫ হাজারেরও বেশী গবাদিপশু। চাহিদা রয়েছে ১ লাখ ১৭ হাজার পশুর, ফলে অতিরিক্ত থাকছে কয়েক হাজার পশু।


