নেত্রকোনার বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলবার খান সামি নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সামি। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এটা খুবই দুঃখজনক।
এ সময় তিনি মোটরসাইকেল চালকদের উদ্দেশে বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলা ও নির্ধারিত গতিসীমা মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।


