বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়নি।
লাইনচ্যুত নয়টি বগি সরিয়ে নেওয়া হলেও লাইন মেরামতের কাজ শেষ হয়নি বলে সকাল সাড়ে ১০টার দিকে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত জিআরপির প্রতিনিধি এস আই মাহফুজুর রহমান।
এই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও অন্তত দুই ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম।
তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই পাকশি ও লালমনিরহাট রেল বিভাগের রিলিফ ট্রেনের উদ্ধারকারী টিম কাজ শুরু করেছে। কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার কারণে সান্তাহার রেল স্টেশনে তিনটি ট্রেন অবস্থান করছে। সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বুধবার দুপুর ২ টার পর থেকে ঢাকা, খুলনা ও রাজশাহী গামী সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।
এদিন দুপুর দুইটার দিতে সান্তাহার রেল স্টেশনের অদূরে হাতিয়ান গ্রামের বাগবাড়িতে লাইনচ্যুত হয় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি।


