মানিকগঞ্জে শিশু আতিকা আক্তারকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত আতিকার চাচা আলমাস হোসেন ও ফুপু ঝর্ণা বেগম।
মঙ্গলবার বিকালে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, গত ১৬ এপ্রিল বিকালে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় সাত বছরের শিশু আতিকা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নাঈম হোসেনকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাত ৯টার দিকে পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা নাঈমসহ তার পরিবারের সদস্যদের ডেকে এনে মারধর শুরু করে। এতে নাঈমের বাবা পান্নু মিয়া, ভাই নাজমুল ও চাচা ফজলুর রহমান বাবু গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে হত্যা এবং নাজমুলকে গুরুতর আহত করার ঘটনায় পান্নুর স্ত্রী নার্গিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


