তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, ‘তিস্তা বাঁচানোর আন্দোলন আমাদের মনের দাবি। এটি দুই কোটি মানুষের জীবন রক্ষার এক মহাদাবি। আমরা চাই, এ দাবি বাস্তবায়ন হোক। এই দাবি বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের দুই কোটি মানেুষের জীবন-জীবিকায় স্বাচ্ছন্দ্য ফিরে আসবে।’
শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউসে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এর আগে রংপুর থেকে আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের নেতৃত্বে রংপুরের গণমাধ্যমকর্মীরা ত্রাণমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
এ সময় ত্রাণমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তিস্তা বাঁচানোর দাবিতে যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই সূচনায় রংপুরের গণমাধ্যমকর্মীরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাদের প্রতিবেদন ও বক্তব্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে নাড়া দিয়েছে।
আসাদুল হাবিব দুলু বলে, ‘এই মহাপরিকল্পনা বাস্তবায়নের পথেও আপনাদের সহযোগিতা প্রয়োজন। যতদিন পর্যন্ত এটি বাস্তবায়ন না হবে, ততদিন আমি লেগে থাকব—সরকারে থাকি কিংবা যেখানেই থাকি না কেন। আপনারা আমার সঙ্গে থাকবেন।’
এ ছাড়া তিস্তা বাঁচাও আন্দোলনে রংপুরের সাংবাদিকরা যেভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকে তাকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন, তা তাকে আশান্বিত করেছে বলেও জানান ত্রাণমন্ত্রী।
রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, ‘আমরা সবাই রংপুরের মানুষ। দীর্ঘদিন ধরে এ অঞ্চল বঞ্চনার শিকার। এখানকার মানুষের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। আমি চেষ্টা করব রংপুরের মানুষের কর্মসংস্থানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে।’


