নীলফামারী সদর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। আহত মিঠু ইসলাম (৩৫) নিহত মজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ও আহত তিনজনই পেশায় নির্মাণশ্রমিক। সকালে বাবু বাজার এলাকার একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বিদ্যুৎচালিত সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের কাজ করছিলেন তারা। একপর্যায়ে সেচ পাম্পের থ্রি-ফেজ বিদ্যুৎ সংযোগের তার অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে যায়। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জালাল উদ্দিন ও মিঠু ইসলামকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মিঠু ইসলামের চিকিৎসা চলছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


