দৌলতদিয়া ঘাট এলাকায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান শেষ হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহের সন্ধান পায়নি উদ্ধারকারীরা।
শুক্রবার সন্ধ্যায় টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টার দিকে শুরু হওয়া উদ্ধার কার্যক্রম সন্ধ্যার দিকে সাময়িকভাবে বন্ধ করা হয়। দিনব্যাপী তল্লাশি চালিয়েও নতুন কোনো মরদেহ পাওয়া যায়নি। আলোক স্বল্পতার কারণে দিনের কার্যক্রম বন্ধ করা হলেও শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলের পন্টুন সরানোর বিষয়ে ভাবছে বিআইডব্লিউটিএ। পন্টুনটি সরানো হলে এর নিচে তল্লাশি অভিযান চালানো সম্ভব হবে।
তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটিএ অংশ নেয়। এদিন ডুবুরি দলের দুই ইউনিট কমিয়ে এক ইউনিট রাখা হয়।পাশাপাশি মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কায় নৌবাহিনীর দুটি স্পিডবোট দিনভর আশপাশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। একে একে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় আটজনকে।


