আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে।
বৃহস্পতিবার আনসার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে ৪৭ জেলা কমান্ডেন্ট এবং ১৬২ উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় নির্বাচনকালীন সময়ে একটি আধুনিক, নিরপেক্ষ ও পেশাদার নিরাপত্তা কাঠামো নিশ্চিত করতেই এই পুনর্বিন্যাস।
মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের যাচাইকরণ তালিকা হালনাগাদ, এভিএমআইএস সফটওয়্যারে তথ্য সংযোজন, নির্বাচনী মহড়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ ইতোমধ্যে চলমান রয়েছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের আচরণগত উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।
ভোটকেন্দ্রসহ দায়িত্বপ্রাপ্ত স্থানে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কাঠামো ডিজিটালাইজড করা হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর।
বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের পর বাহিনী প্রধানের নির্দেশনায় নির্বাচনী দায়িত্ব পালনে পূর্ণ প্রস্তুতি নেবেন।


