ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করবেন।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ একথা জানান।
নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার। পরে বিকাল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হয়।
গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এর ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।
নতুন সরকার গঠনের পর গত বছরের ২১ নভেম্বর গঠন করা হয় এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। সেই কমিশনের অধীনে আগামী নির্বাচনই হতে যাচ্ছে প্রথম কোনো নির্বাচন। তাছাড়া এবার জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে।
সব মিলিয়ে নির্বাচন নিয়ে যেমন আশা আছে তেমন উদ্বিগ্নতাও আছে দেশবাসীর মনে।


