আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের নির্বাচনী পরিবেশ সম্পর্কে সন্তোষ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)।
সোমবার ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মূল্যায়ন জানিয়েছে ইইউ।
মিশনের প্রধান পর্যবেক্ষক ও লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস জানান, মিশনের পক্ষ থেকে সারা দেশে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি মধ্য জানুয়ারি থেকে দেশের সব জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক কাজ করে যাচ্ছেন।
ইজাবস বলেন, ‘আমি বলব, নির্বাচনী পরিবেশ অত্যন্ত ইতিবাচক। আমরা দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে প্রার্থী ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সামগ্রিক পরিবেশ আশাব্যঞ্জক এবং আমাদের সঙ্গে কথা বলা অনেকেই মনে করছেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।’
বিভিন্ন অঞ্চলে কিছু বিষয় নিয়ে উদ্বেগ বা প্রশ্ন উঠলেও, সামগ্রিকভাবে নির্বাচনকে ঘিরে মানুষের মনোভাব ও প্রত্যাশা এখনো বেশ আশাবাদী বলেও মনে করেন তিনি।


