আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। এতে নির্বাচনসংক্রান্ত নানা অভিযোগ জানাতে পারবেন দেশের নাগরিকরা। ভোটের পরদিন পর্যন্ত এই সমন্বয় সেল চালু থাকবে বলে জানিয়েছে ইসি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচারসংক্রান্ত অভিযোগ বা তথ্য আইনশৃঙ্খলা সমন্বয় সেলের পাঁচটি নম্বরে জানাতে পারবেন। নম্বরগুলো হলো, ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এখন চলছে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদন। শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি।


