ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে দেশব্যাপী প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এর অংশ হিসেবে সোমবার বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, পাশাপাশি সিলেট বিভাগে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ আয়োজন করা হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বাহিনীর কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার–ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় জোরদারে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এদিকে, সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
তিনি জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে।
এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ঝুঁকি বিবেচনায় নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ আরও বলেন, ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা যাবে এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মোতায়েন, প্রশিক্ষণ কার্যক্রম, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এই সমন্বিত প্রস্তুতির মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।


