অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসার্জারি অ্যান্ড হপিটালের (নিনস) পরিচালক কাম অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন।
নিয়োগের আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুরুজ্জামান খান (খসরু) কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে নিউরোসার্জারিতে মাস্টার্স ইন সার্জারি (এমএস) ডিগ্রিও লাভ করেন।
তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ নিয়েছেন। দেশে ‘এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি’ প্রবর্তনে তিনি পথিকৃৎ হিসেবে পরিচিত। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং দেশ-বিদেশে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে আসছেন।
দেশ ও বিদেশে অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ ও লাইভ সার্জারিতে অংশ নেওয়ার পাশাপাশি তার বহু বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
ছাত্রজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ১৯৯৪-৯৫ সেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। বিগত ১৭ বছর তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছেন।
চিকিৎসা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক ডা. নুরুজ্জামান খানের নেতৃত্বে দেশের একমাত্র বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল আরও আধুনিক ও উন্নত সেবার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।


