নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
নিহত নুরুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মো. নুরুল আলম (৩৩) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাতাব্বর হাট এলাকার মেঘনা নদীর তীররক্ষা বেড়িবাঁধের ব্লকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল আলম কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বাসিন্দা বশির আহমেদের ছেলে। তিনি মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নুরুল আলমের স্বজনরা জানান, তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন নদীর তীরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, দুই সন্তানের জনক নুরুল আলম গত শুক্রবার রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়ির জন্য রওনা হলেও আর বাড়ি ফেরেননি। এরপর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার কমলনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের সদস্যরা।

নিখোঁজের পর থেকেই তারা আশঙ্কায় ছিলেন উল্লেখ করে নুরুল আলমকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নুরুল আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad