ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিলে তার শিকড় উপড়ে ফেলা হবে।’
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তদের কারণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বা সামাজিক সংঘাতের ঘটনায় প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো বলেও তিনি দাবি করেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন প্রসঙ্গে তিনি জানান, জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট আদালতের, এতে সরকারের কোনো ভূমিকা নেই।
তবে কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিস্টদের প্রত্যেকটি অপরাধের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। এ সময় অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সেগুলো বিল আকারে উপস্থাপন করা হবে।
একই সঙ্গে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দ জনগণের জন্য। বরাদ্দের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত থাকলে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় তার চাকরি যাবে এবং দুর্নীতির মামলা হবে বলেও সতর্ক করেন তিনি।
ঝিনাইদহ জেলাকে সমতাভিত্তিক উন্নয়নের পর্যায়ে নিতে কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সামাজিক সহিংসতা বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের ঘটনায় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঝিনাইদহে সরকারি সফরে এসে এ মতবিনিময় করেন আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন দুপুরে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আইনমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় বিভিন্ন কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।


