নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে সোনারগাঁও উপজেলার পাটাত্তা গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন তার মা ও দুই মেয়েকে নিয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকেন। ভোরের দিকে বাড়িটির রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশীরা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সকালে নারায়ণগঞ্জের একটি বাসায় গ্যাসের চুলার আগুন থেকে দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, শিফার ১২ শতাংশ, সিমলার ৩০ শতাংশ ও জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।


