২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ এপ্রিল ধার্য করা হয়েছে।
প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করে। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এক সপ্তাহ সময়ের আবেদন করেন।
এর আগে গত ৮ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য থাকলেও প্রসিকিউশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেছিল।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ এ মামলার মোট আসামি ২৮ জন।
আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
প্রসিকিউশনের সূত্র মতে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই গণআন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য নৃশংসতা চালায়। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে গণআন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকতসহ নয়জন নিহত হন। আহত হন আরও অনেকে। যার পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। মামলায় ৫০ জন সাক্ষী রয়েছেন।


