ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে তিমিরকাঠি বোর্ডের হাটে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে, আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোর্ডের হাটে সাঈদের চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে। আগুন দেখে স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় বলে জানান তারা।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তার বরাতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।


