রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রোববার রাজধানীর মিরপুর থেকে বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী মো. কায়েস আহমেদ অর্নব এসব তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার তেজগাঁও এলাকায় মিছিল বের করে।
তারা জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে আওয়ামী লীগের ব্যানার ও চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।


