নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে দুইজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে। ওপর নিহত নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তারা দুজনই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
অন্যদিকে আহত শুভ উপজেলার বেলাব গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে ও সিয়াম বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত দুই আরোহীর মোটরসাইকেলটি পোড়াদিয়া থেকে নিজ বাড়ী বীরবাঘবের দিকে আসছিল। অপরদিকে আহত দুজনের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। বটতলি বাজারের কাছে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদকে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওপর মোটরসাইকেলের আরোহী শুভকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয় এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় দু‘জন নিহত হয়েছে বলে জেনেছি। আমরা তদন্ত করে দেখছি কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে।’


