নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, কে বা কারা, কী কারণে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাড়ির বাইরে ডাকেন। পরিবারের লোকজন এ সময় তাকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বাইরে এনে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। এর কিছু পরেই তারা ওই ব্যবসায়ীর বুকে গুলি করে পালিয়ে যায়।
নিহতের ভাবী হেনা রাণী সরকার বলেন, ‘দুইজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে স্কুল মাঠে যায়। এদের একজনের মুখ খোলা থাকলেও আরেকজনের মুখ বাঁধা ছিলো।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যবসায়ীর কাছে দাবি করা চাঁদার টাকার জন্য হত্যা করা হতে পারে।’


